নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যুর পর আবারও একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার সস্তাপুর এলাকার ঢাকা টেক্সটাইল মিলস সংলগ্ন কাদির মিয়ার মার্কেটের সামনে ড্রেনের ভিতর দিয়ে যাওয়া গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আশপাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি কাপড়ের দোকানে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই সঙ্গে আরেকটি চা পানের দোকানও আগুনে পুড়ে ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ সস্তাপুর গাবতলা মোড় থেকে কাষ্টমের মোড় পর্যন্ত সড়কের পাশ দিয়ে ড্রেনের মাঝখান দিয়ে তিতাস গ্যাসের লাইন রয়েছে। এ স্থানের একাধিক জায়গায় লিকেজ থেকে দীর্ঘদিন ধরে গ্যাস বের হচ্ছে। এতে প্রায় সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে পথচারী থেকে শুরু করে আশপাশের বাড়ি ঘর ও কলকারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান, খবর পেয়ে জরুরি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে সেলুন মালিক নরসুন্দর মিন্টুসহ পাঁচজন দগ্ধ হয়। তাদের মধ্যে পাঁচদিন ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে গত মঙ্গলবার বিকেলে মারা যান মিন্টু।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম