কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে ওই রুটের রেল যোগাযোগ। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী রমনা কমিউটার লোকাল ট্রেন (ডাউন-১৩৩) রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ সংলগ্ন রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যায় বলে জানা গেছে। ফলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লোকোমাস্টার তাৎক্ষণিক ট্রেনটি রাজারহাট ভূমি অফিস সংলগ্ন রেললাইনে থামিয়ে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা জানান, ট্রেনটি চলাচলের সময় রেললাইনের একপাশে রাখা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
ট্রেন পরিচালক মো. কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যাওয়ার বিষয়টি দেখা গেছে। এছাড়া কয়েকটি পা-দানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কিছু ক্ষতি হয়ে থাকতে পারে। এ অবস্থায় এ ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো সম্ভব নয়। বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে নেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ে রাজারহাট স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। বিকল্প রেক এনে দ্রুত লাইন ক্লিয়ার করার চেষ্টা চলছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিকল্প ইঞ্জিন না পৌঁছানোয় ট্রেনটি সরানো সম্ভব হয়নি।
রোকনুজ্জমান মানু/আরএইচ/জেআইএম