পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে দেড়শ স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের হাতে পোশাক তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় এই স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। শহরের যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়, ওইসব পয়েন্টে তারা কাজ করবেন। এতে আশা করা যাচ্ছে রমজানে যানজটমুক্ত থাকবে নারায়ণগঞ্জ শহর।
এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে শহরের যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়, সেসব পয়েন্টে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। দেড়শ স্বেচ্ছাসেবক যানজট নিরসনে কাজ করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন বলেন, বেশ কিছু পয়েন্টে অবৈধ স্ট্যান্ড ও সড়কের ওপরে বিভিন্ন দোকান বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। সেসব পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। রাস্তায় কেউ ভ্যান বা অন্য কিছু বসিয়ে ব্যবসা করতে পারবেন না।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম