২০২৫ সালে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি নতুন রেকর্ডে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত সরকারি তথ্যে এ তথ্য জানানো হয়।
মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলারে। এটি ২০২৪ সালের তুলনায় সামান্য বেশি।
তবে চীনের সঙ্গে পণ্য বাণিজ্য ঘাটতি বছরজুড়ে কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পণ্য ও সেবা উভয় খাত মিলিয়ে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৯০১ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের ৯০৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের তুলনায় কিছুটা কম।
ডিসেম্বর মাসে সামগ্রিক বাণিজ্য ঘাটতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়ে ৩২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছায়। এ সময় রপ্তানি কমে যায় এবং আমদানি বেড়ে যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসেই বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেন, যার লক্ষ্য ছিল বাণিজ্য ঘাটতি কমানো। তার এই সিদ্ধান্তের ফলে কার্যকর গড় শুল্কহার ১৯৩০–এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
গত বছর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের ঘটনাও ঘটে। তবে পরে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে বলে জানা গেছে।
সূত্র: এএফপি
এমএসএম