পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় ও স্থিতিশীল রাখতে খাগড়াছড়িতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় পণ্যে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ ও প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপক কুমার শীল।
খোঁজ নিয়ে জানা যায়, এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের মুদি দোকান, মাছ, মাংস ও সবজির দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালায়। এসময় ব্যবসায়ীদের দোকানে পণ্যের হালনাগাদ মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা এবং তেলসহ কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অসাধু ব্যাবসায়িক তৎপরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জেলা টাস্কফোর্স নিয়মিত বাজার তদারকি করবে বলেও জানানো হয়।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তারা জানান, নিয়মিত মনিটরিং থাকলে ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় বা পণ্য মজুদের মতো অনিয়ম করার সুযোগ পাবে না এবং বাজারে স্বস্তি বজায় থাকবে।
প্রবীর সুমন/কেএইচকে/এএসএম