জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা যশোরে পা রাখলেন অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তাকে বরণ করে নিতে সার্কিট হাউজ এলাকায় জনসমুদ্রে রূপ নেয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করে আইনশৃঙ্খলা বাহিনী।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই যশোর জেলার আট উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ফুল ও মালা নিয়ে সার্কিট হাউজে জড়ো হন। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তরুণ এই মন্ত্রী।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনিন্দ্য ইসলাম অমিতের এই দুই দিনের সরকারি সফরে শুক্রবার বিকাল তিনটায় জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ওলামাদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নেবেন। আগামীকাল শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগদান, দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় পরে বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে যোগদান করবেন।
অনিন্দ্য ইসলাম অমিতের বাবা বিএনপির সাবেক প্রভাবশালী মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামও চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবার আদর্শকে ধারণ করে তৃণমূল থেকে রাজনীতি শুরু করা অমিত গত ১৭ বছরের দীর্ঘ আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যশোর-৩ আসন থেকে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে নতুন সরকার গঠিত হলে তাকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মিলন রহমান/কেএইচকে/এএসএম