দেশজুড়ে

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

চাহিদা মতো চাঁদা টাকা না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

আরমান হোসেন বাবু নামে ওই নেতা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০০-৫০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে ওঠেন।

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, বৃহস্পতিবার সকালে তিনি ফুটব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করতেই হামলা চালান তারা। সেই সঙ্গে ২০০টি ডাবসহ পুরো ভ্যান নিয়ে যায়।

এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনি অভিযোগ করে জানান, বৃহস্পতিবার দুপুরে একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় তার মালামালও হাতিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছেন। চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয় নিয়ে অভিযুক্ত আরমান হোসেন বাবুর সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনটি বন্ধ করে দেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজুর রহমান নিপু/এমএন/এএসএম