বিনোদন

দেশের সংগীতাঙ্গন মৃতপ্রায়, আসিফের আক্ষেপ

 

পবিত্র রমজান মাস এলেই করোনাকালের দুঃসহ স্মৃতি তাড়া করে বেড়ায়-এমন আক্ষেপ জানালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

আসিফ লেখেন, বাংলাদেশের সামগ্রিক সংকটের প্রতিফলন সবচেয়ে আগে পড়ে সংস্কৃতি অঙ্গনে। বিশেষ করে রমজান এলে সংগীতের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। শিল্পীদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সামাজিক নিরাপত্তা নেই বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ব্যাংক ঋণ দেয় না, বাড়িওয়ালা বাসা ভাড়া দিতে চান না-তবুও শিল্পীরা পেশা আঁকড়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

করোনাকালের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই শিল্পী জানান, তখন স্টুডিও বন্ধ ছিল, টেকনিশিয়ানদের কাজ বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে মোবাইল ফোনে বাসায় বসেই রেকর্ডিং করতে হয়েছে। আতঙ্কে অনেক সংগীতশিল্পী শহর ছেড়েছেন, কেউ পাড়ি জমিয়েছেন প্রবাসে, কেউ আবার পেশাই বদলে ফেলেছেন।

তবে সেই কঠিন সময়ে কয়েকজন প্রযোজক পাশে দাঁড়িয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানান প্রযোজক ধ্রুব গুহর প্রতি।

আরও পড়ুন: ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় যাচ্ছেন অভিনেত্রী মনিরা মিঠু রমজানের প্রথম ইফতারে প্রিয়জনদের সঙ্গে মিম 

আসিফের মতে, সরকার বদলালেও সংস্কৃতি অঙ্গনের বাস্তবতা বদলায় না। তার ভাষায়, এখন দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, আছে কেবল কঙ্কালসার অবয়ব। এমন পরিস্থিতিতে সম্ভাবনাগুলো নষ্ট হচ্ছে বলেও হতাশা প্রকাশ করেন তিনি।

এমএমএফ