জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, ভোট প্রদান মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট দেওয়ার জন্য মানুষকে জুলুম-নির্যাতনের শিকার হতে হয়, তবে সেই পুরোনো ফ্যাসিবাদই ফিরে আসবে। ভোট ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজ ইলেকশনের মাধ্যমে জনগণের প্রকৃত সমর্থন ও জনমতের সঠিক প্রতিফলন কেড়ে নেওয়া হয়েছে। এটিকে প্রতিফলিত হতে দেওয়া হয়নি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী কেডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
রেজাউল করিম বলেন, লক্ষ্মীপুরের ১ লাখ ২৩ হাজার মানুষের এবার আমাদের সমর্থন দিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আস্থা রেখেছেন। আপনারা জীবনবাজি রেখে আমাদেরকে সমর্থন জানিয়েছেন। আমাদেরকে ভোট দিতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছেন, মা-বোনেরা লাঞ্ছিত হয়েছেন।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনে আমরা তাকওয়াভিত্তিক সমাজের কথা বলেছিলাম। আপনারা যদি ইনসাফের পক্ষে রায় দেন, তাহলে খোলাফায়ে রাশেদীনরা যেভাবে একান্ত নিভৃতে সমাজের মানুষের অধিকার পৌঁছে দিতেন, আমরা সেই পথই অনুসরণ করবো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এবার আমাদের কথায় সাড়া দিয়েছেন।
উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির নুর মোহাম্মদ রাসেল, জামায়াত নেতা হারুনুর রশিদ ও খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
কাজল কায়েস/কেএইচকে/এএসএম