খেলাধুলা

শহীদ দিবসে ক্রিকেটারদের বিনম্র শ্রদ্ধা: ‘একুশ আমাদের অস্তিত্ব’

রক্তঝরা একুশে ফেব্রুয়ারি আজ। বাঙালির আত্মপরিচয় আর অধিকার আদায়ের এক অবিনাশী দিন। ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বারদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম প্রিয় মাতৃভাষা বাংলা। ইতিহাসের সেই বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন দেশের ক্রিকেট তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

ভাষা আন্দোলনের এই ত্যাগকে নিজের শক্তির উৎস হিসেবে দেখছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’

দেশের ক্রিকেটের তিন মহাতারকা সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবালও ভাষাপ্রেমের এই দিনে শামিল হয়েছেন। সাকিব ও মাশরাফি উভয়েই এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ অন্যদিকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন তার হৃদয়ের গভীর শ্রদ্ধা। তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’

একুশের লড়াকু মানসিকতাকে নিজের পরিচয়ের মূল হিসেবে তুলে ধরেছেন গতি তারকা তাসকিন আহমেদ। তার ফেসবুক পোস্টে তিনি জানান, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’

এছাড়া পেসার শরিফুল ইসলাম ও রুবেল হোসেনসহ অন্যান্য ক্রিকেটাররাও নিজ নিজ অবস্থান থেকে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

এসকেডি/আইএইচএস/