অর্থনীতি

ভোটের পর শেয়ারবাজারে ‘পচা’ শেয়ারের দাপট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সপ্তাহে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে পঁচা শেয়ার বা ‘জেড’ গ্রুপের কোম্পানি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের মধ্যে ৯টিই দখল করেছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান। দাম বাড়ার শীর্ষ দশে ভালো বা ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান একটিও নেই। তবে মাঝারি মানের বা ‘বি’ গ্রুপের প্রতিষ্ঠান আছে একটি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ‘এ’, ‘বি’, ‘এন’ এবং ‘জেড’ গ্রুপে বিভক্ত করা হয়। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানকে রাখা হয় ‘এ’ গ্রুপে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানি থাকে ‘বি’ গ্রুপে, এ ধরনের কোম্পানিগুলো মাঝারি মানের হিসেবে বিবেচনা করা হয়। লভ্যাংশ না দেওয়া কোম্পানিটির ঠিকানা হয় ‘জেড’ গ্রুপে, এ ধরনের কোম্পানিগুলোকে পচা কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়। আর নতুন তালিকাভুক্তি কোম্পানি থাকে ‘এন’ গ্রুপে। গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক লিমিটেড। লোকসানে নিমজ্জিত হওয়ায় ২০১৯ সালের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এই কোম্পানির শেয়ার দাম গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস বেড়েছে। এতে এক সপ্তাহেই শেয়ার দাম বেড়েছে ২৯ দশমিক ২৭ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১ টাকা ২০ পয়সা।

গত সপ্তাহের লেনদেনের শুরুতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিলো ৪ টাকা ১০ পয়সা, যা সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০টি। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৮৬ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৪৮৪ টাকা।

দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮০ পয়সা। লোকসানে পতিত হওয়ায় ২০১৩ সালের পর এই কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। স্বাভাবিকভাবেই কোম্পানিটির স্থান হয়েছে পচা জেড গ্রুপে।

পরের স্থানা রয়েছে জেড গ্রুপের আর এক প্রতিষ্ঠান এস আলম কোল্ড রোল্ড স্টিল। ২০২৩ সালের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে পারেনি। গত সপ্তাহে এই কোম্পানির শেয়ার দাম বেড়েছে ২৭ দশমিক ৫০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ার দাম বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা।

এর পরের তিনটি স্থানও রয়েছে ‘জেড’ গ্রুপের দখলে। এর মধ্যে ২০১৬ সালের পর বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে না পারা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দাম বেড়েছে ২৭ দশমিক ২৭ শতাংশ। ২০১৭ সালের পর থেকে লভ্যাংশ দিতে না পারা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দাম বেড়েছে ২৭ দশমিক ২৭ শতাংশ।

দাম বাড়ার তালিকায় পরের স্থানটিতে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দাম বেড়েছে ২২ দশমিক ৭৩ শতাংশ। এই কোম্পানিটি ২০১৯ সালের পর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

দাম বাড়ার শীর্ষ তালিকায় স্থান পাওয়া জেড গ্রুপের বাহিরের একমাত্র কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার। এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২২ শতাংশ। এতে দাম বাড়ার শীর্ষ তালিকায় সাত নম্বরে রয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২৩ ও ২০২২ সালেও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

দাম বাড়ার শীর্ষ দশে স্থান পাওয়া বাকি তিন কোম্পানির মধ্যে ফ্যামেলিটেক্স’র শেয়ার দাম বেড়েছে ২০ শতাংশ। প্রতিষ্ঠানটি ২০১৮ সালের পর কোনো লভ্যাংশ দেয়নি। ২০১৬ সালের পর লভ্যাংশ দিতে না পারা তুং হাই নিটিংয়ের শেয়ার দাম বেড়েছে ২০ শতাংশ। সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম বেড়েছে ১৯ দশমিক ৬১ শতাংশ। এই কোম্পানিটি ২০১৯ সালের পর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

এমএএস/​এসএইচএস