দেশের শেয়ারবাজারে প্রতিনিয়ত বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। চলতি বছরে প্রতি কার্যদিবসে গড়ে বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ২৬০টি করে। এতে বছরের প্রথম দেড় মাসেই ৮ হাজারের বেশি বিও হিসাব বেড়ে গেছে। সার্বিকভাবে শেয়ারবাজারে বিও হিসাব বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে। অর্থাৎ তাদের বাংলাদেশের শেয়ারবাজার ছাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।
দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে দেশের শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমছিল। ২০২৩ সালের নভেম্বর থেকে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে শেয়ারবাজার ছাড়তে থাকেন। যা অব্যহত থাকতে দেখা যাচ্ছে চলতি বছরেও। চলতি বছরের ৩২ কার্যদিবসে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাবে কমেছে ৪৪৩টি। বিপরীতে সার্বিক বিও হিসাব বেড়েছে ৮ হাজার ৩৩৪টি।
বিও হলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউস অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর খোলা হিসাব। এই বিও হিসাবের মাধ্যমেই বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন করেন। বিও হিসাব ছাড়া শেয়ারবাজারে লেনদেন করা সম্ভব না। বিও হিসাবের তথ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।
এই সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে (১৯ ফেব্রুয়ারি পর্যন্ত) শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৭০৯টি। যা ২০২৫ সাল শেষে ছিল ১৬ লাখ ৪০ হাজার ৩৭৫টি। এ হিসাবে চলতি বছরের প্রথম দেড় মাসে শেয়ারবাজারে বিও হিসাব বেড়েছে ৮ হাজার ৩৩৪টি। এখন পর্যন্ত চলতি বছরে ৩২টি কার্যদিবস পার হয়েছে। এ হিসাবে প্রতি কার্যদিবসে গড়ে বিও হিসাব বেড়েছে ২৬০টি।
এদিকে বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ৪৩ হাজার ১০৬টি। যা ২০২৫ সাল শেষে ছিল ৪৩ হাজার ৫৪৯টি। অর্থাৎ চলতি বছরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৪৪৩টি। এ হিসাবে প্রতি কার্যদিবসে গড়ে ১৪ জন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়েছেন।
বিদেশিদের বাংলাদেশের শেয়ারবাজার ছাড়ার প্রবণতা শুরু হয় ২০২৩ সালের নভেম্বর থেকে। ২০২৩ সালের ২৯ অক্টোবর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫১২টি। এ হিসাবে ২০২৩ সালের ২৯ অক্টোবরের পর দেশের শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসীদের নামে বিও হিসাব কমেছে ১২ হাজার ৪০৬টি।
স্থানীয় বিনিয়োগকারীর চিত্রবিদেশি ও প্রবাসীরা দেশের শেয়ারবাজার ছাড়লেও স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৫ লাখ ৮৭ হাজার ৬৫৯টি, যা ২০২৫ সাল শেষে ছিল ১৫ লাখ ৭৯ হাজার ২৩টি। অর্থাৎ চলতি বছরে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৮ হাজার ৬৩৬টি। এ হিসাবে প্রতি কার্যদিবসে গড়ে স্থানীয় বিও হিসাব বেড়েছে ২৭০টি।
আরও পড়ুনভোটের পর শেয়ারবাজারে ‘পচা’ শেয়ারের দাপট চট্টগ্রাম বন্দর থেকে ৪ দিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ
এখন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সংখ্যা বাড়লেও এর আগে বিপুল পরিমাণ বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়েছেন। ২০২৪ সালের শুরুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। আর বর্তমানে বিও হিসাব আছে ১৬ লাখ ৪৮ হাজার ৭০৯টি। অর্থাৎ ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত বিও হিসাব কমেছে এক লাখ ২৪ হাজার ৮৪২টি।
নারী-পুরুষ উভয় বিনিয়োগকারী বাড়ছেবর্তমানে শেয়ারবাজারে যেসব বিনিয়োগকারী আছেন, তার মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১২ লাখ ৪০ হাজার ৫৩০টি। গত বছর শেষে এই সংখ্যা ছিল ১২ লাখ ৩৩ হাজার ৭৪৩টি। অর্থাৎ চলতি বছরে পুরুষ বিনিয়োগকারীর হিসাব বেড়েছে ৬ হাজার ৭৮৭টি।
বর্তমানে নারী বিনিয়োগকারীর বিও হিসাব দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ২৩৫টি। ২০২৫ সাল শেষে এই সংখ্যা ছিল ৩ লাখ ৮৮ হাজার ৮২৯টি। এ হিসাবে চলতি বছরে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে এক হাজার ৪০৬টি।
নারী-পুরুষ বিনিয়োগকারীদের পাশাপাশি চলতি বছরে কোম্পানির বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৯৪৪টি। ২০২৫ সাল শেষে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৮০৩টি। এ হিসাবে চলতি বছরে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৪১টি।
বর্তমানে বিনিয়োগকারীদের যে বিও হিসাব আছে তার মধ্যে একক নামে আছে ১১ লাখ ৯০ হাজার ৩৪৩টি। ২০২৫ সাল শেষে যা ছিল ১১ লাখ ৮২ হাজার ৭১৫টি। অর্থাৎ চলতি বছরে একক নামে বিও হিসাব বেড়েছে ৭ হজার ৬২৮টি।
বিনিয়োগকারীদের যৌথ নামে বিও হিসাব আছে ৪ লাখ ৪০ হাজার ৪২২টি। ২০২৫ সাল শেষে যৌথ বিও হিসাব ছিল ৪ লাখ ৩৯ হাজার ৮৫৭টি। অর্থাৎ চলতি বছরে যৌথ বিও হিসাব বেড়েছে ৫৬৫টি।
এমএএস/কেএসআর