রাজনীতি

কার্যালয়ে পুরোনো কর্মচারীদের ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী

কার্যালয়ে পুরোনো কর্মচারীদের দেখে কাছে ডেকে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কার্যালয়ে আসার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার সময় পরিচিত কয়েকজনকে ডেকে তারেক রহমান কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ১৯ বছর আগে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখে তারেক রহমান নাম ধরে ডাকেন এবং তাদের সঙ্গে কথা বলেন। পরে তাদের পরিবারের খোঁজ-খবর নেন।

এদিন প্রধানমন্ত্রী অফিসে এসে প্রথমে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি কার্যালয়ে প্রবেশ করার সময় কর্মকর্তা-কর্মচারীরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারীকে দেখে তাকে নাম ধরে ডাকেন। ওই কর্মচারী তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌড়ে আসেন প্রধানমন্ত্রীর কাছে। করমর্দন করেন এবং প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় আরও কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন।

২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এই কার্যালয়েই অফিস করেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, খালেদা জিয়ার সময়ে কাজ করেছেন এমন কয়েকজন কর্মচারী যারা ১৯ বছর থেকে আছেন নবীন ছিলেন এখন তাদের চুল পাক ধরেছে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের চিনতে ভুল করেননি। নিজেই নাম ধরে তাদের ডেকে কথা বলেন। ওই কর্মচারীরা যেমন আবেগাপ্লুত হয়েছেন তেমনি অন্য কর্মকর্তা-কর্মচারীরাও বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যবহারে।

এরপর প্রধানমন্ত্রী রেড ব্লকে প্রবেশ করেন যেখান প্রধানমন্ত্রী চেম্বার বা কক্ষ। প্রধানমন্ত্রী সেখানে নিজের চেয়ারে বসেন এবং দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।

এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত দুদিন সচিবালয়ে তার দপ্তরে অফিস করেন তারেক রহমান। আজই প্রথম তিনি এখানে অফিস করলেন।

কেএইচ/এমআইএইচএস