দেশজুড়ে

সিলেটকে উন্নয়নের মডেল গড়ে হিসেবে তোলার প্রত্যয় বাণিজ্যমন্ত্রীর

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মাওলানা হাবিবুর রহমানকে পাশে রেখে সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নগরীর একটি রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে মন্ত্রী বলেন, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতি লালন ও ধারণ করে আমরা দলমত নির্বিশেষে আধুনিক সিলেট গড়তে কাজ করবো। সিলেটের উন্নয়ন কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, বরং এই অঞ্চলের সামগ্রিক কল্যাণের জন্য।

মন্ত্রী তার বক্তব্যে সিলেটের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করে বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার কিংবা সুপেয় পানির সমস্যার সমাধান হলে কোনো ব্যক্তি নয়, পুরো সিলেটবাসী উপকৃত হবেন। নির্বাচনের সময় আমরা যে ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি, আগামী পাঁচ বছরে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সিলেটের জীবনমান উন্নয়নে প্রতিটি কাজ আগামী দিনে দৃশ্যমান হবে।

বাণিজ্য মন্ত্রণালয়কে একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা আমাদের অন্যতম অগ্রাধিকার। যদিও আমরা রোজার মাত্র একদিন আগে দায়িত্ব গ্রহণ করেছি, তবে বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত ও ভোগ্যপণ্যের সরবরাহ রয়েছে। বিশেষ করে রমজানে অতিপ্রয়োজনীয় আমদানিনির্ভর পণ্যের দাম স্থিতিশীল পর্যায়ে আছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, মহানগর খেলাফত মজলিসের সভাপতি তাজুল ইসলাম, এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আফজল হোসেন, মহানগর জামায়াতের নায়বে আমির নুরুল ইসলাম বাবুল।

বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

আহমেদ জামিল/বিএ