ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি বেলা ১১টায় দিবসটির তাৎপর্য তুলে ধরেন আমন্ত্রিত বিভিন্ন শ্রেণির-পেশার অতিথিরা।
এর আগে রাতে রোমের আইজাক রবিন পার্কে স্থায়ী শহীদ মিনারে দিবসটির প্রথম প্রহরে দূতাবাসের পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনটি পালনের আনুষ্ঠানিক সূচনা করেন দূতাবাসের কর্মকর্তারা। পরে দূতাবাস চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত এবং দূতাবাস প্রাঙ্গণের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রবাসী নেতা, বাংলাদেশি শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতা, প্রবাসী বিশিষ্ট ব্যক্তি ও বন্ধু প্রতীম বিশিষ্ট ইতালিয়ান নাগরিকদের অংশগ্রহণে দূতাবাসের সম্মেলন কক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সভাপতি প্রদত্ত ভিডিও বার্তা সম্প্রচার এবং মহাসচিব এর বাণী পাঠ করা হয়। ইতালিতে বসবাসরত বিভিন্ন প্রবাসী নেতা, বিশিষ্ট বাংলাদেশি নাগরিক অমর একুশের চেতনা ও তাৎপর্য গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা ভাষা আন্দোলনের আত্মত্যাগকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের ঘোষিত পরিকল্পনা ও কর্মসূচিকে তারা স্বাগত জানান।
এ সময় রাষ্ট্রদূত রকিবুল হক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অমর একুশের ঐতিহাসিক ভূমিকার ওপর আলোচনা করেন। তিনি উল্লেখ করেন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে প্রতিফলিত গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন, ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় একটি নতুন দিগন্তের সূচনা করেছে বলে তিনি মত প্রকাশ করেন। রাষ্ট্রদূত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য “Youth voice on multilingual education” উল্লেখ করে প্রবাসে অন্তর্ভুক্তিমূলক সমাজের যোগ্য অংশীদার হয়ে উঠার জন্য তরুণ প্রজন্মের মাতৃভাষার সাথে অন্যান্য ভাষা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি সভায় উপস্থিত সবাইকে অমর একুশের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য সুদৃঢ় করার এবং উন্নত, আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রদূত রফিকুল হক।
এমআরএম/জেআইএম