চট্টগ্রামের সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী ছালা উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরের পাহাড়তলী থানার ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. হৃদয় (২৬) সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, নিহত ছালা উদ্দিন সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মহমুদাবাদ এলাকার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। গত ৩১ জানুয়ারি ড্রেজারে তেল চুরিকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহ গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে খোঁজাখুঁজির একপর্যায়ে গত ৩ ফেব্রুয়ারি কোয়ানিয়া খালে কাদায় আংশিক পোঁতা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ৪ ফেব্রুয়ারি হত্যা মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ৮-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকা থেকে মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার হৃদয়কে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/ইএ