বিনোদন

নায়ক-নায়িকার পর মারা গেলেন এবার নির্মাতাও

১৯৯০ সালে মুক্তি পায় ‘দুঃখ নেই’ চলচ্চিত্রটি। এতে জুটি হয়ে অভিনয় করে আলোচনায় আসেন সুদর্শন নায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দোয়েল। ছবিটি বেশ ভালো ব্যবসা করেছিল। এটি নির্মাণ করেছেন মীর আব্দুল রাজ্জাক।

ট্রাজেডি হলো ছবিটির নায়ক ও নায়িকা অনেক আগেই মারা গেছেন। এবার চিরবিদায় নিলেন পরিচালকও। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর উত্তরার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন মীর আব্দুল রাজ্জাক। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বড় ছেলে মুন্না।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রক্তশূন্যতাসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা। রাজ্জাকের ছেলে বলেন, ‘বাবা কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল (শুক্রবার) রাতে হঠাৎ করেই পরিস্থিতির অবনতি হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান।’‘দুঃখ নেই’ ছবির পোস্টার

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর গাজীপুরের মারিয়ালি গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুঃখ নেই’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পান মীর আব্দুল রাজ্জাক। এই সিনেমায় অভিনয় করেন সোহেল চৌধুরী, চিত্রনায়িকা দোয়েল, অভিনেতা আনোয়ার হোসেন ও আনোয়ারা। ছবিটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

রাজ্জাক নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সমাজের আলো’ ও ‘সুখ বসন্ত’। এছাড়াও নির্মাতার ‘দেশের জন্য লড়াই’ এবং ‘নীল আকাশ’ সিনেমা দুইটি মুক্তির আলো দেখেনি। এই নির্মাতার প্রয়াণে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত, প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। আর নায়িকা দোয়েল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২৯ ডিসেম্বর মারা যান।

 

এমআই/এলআইএ