রমজানে লক্ষ্মীপুরের রায়পুরে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে ছাত্রদল। পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির নেতারা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের ট্যাফিক চত্বরে এ ন্যায্যমূল্যের অস্থায়ী দোকানের উদ্বোধন করা হয়। এসময় রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আল নোমান রিপাত, যুগ্ম আহ্বায়ক ও মেহেদী হাসান আইনানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওই দোকানে গিয়ে দেখা গেছে, টমেটো কেজি ৩৫, বেগুন ৬০, পেঁয়াজ ৪৫, লেবু ৩০ টাকা, আলু ২০, মিষ্টি কুমড়া ৩০, শসা ৭৫ টাকা বিক্রি করা হচ্ছে। অথচ খুচরা বাজারে প্রতিটি পণ্যে কেজিতেই ১০-৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
দেনায়েতপুর এলাকার সবজি ক্রেতা ফারুক মিজি বলেন, ছাত্রদলের উদ্যোগটি প্রশংসনীয়। তাদের কাছ থেকে বাজার থেকেও কম দামে সবজি কিনেছি। প্রতিটি সবজি কেজিতে ১০-৩০ টাকা কম। এ ধরনের উদ্যোগ নিয়মিত হল সাধারণ মানুষের উপকৃত হবে।
ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোক্তা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয় পুরো রমজানে এ কার্যক্রম চলবে জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ও নিম্নআয়ের মানুষ বিপাকে আছেন। তাদের কষ্ট লাঘবে ছাত্রদলের পক্ষ থেকে মাসব্যাপী ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
কাজল কায়েস/আরএইচ/এমএস