খেলাধুলা

লিটনকে নিয়ে চিন্তিত নন শান্ত, আক্ষেপ বগুড়া বিমানবন্দর নিয়ে

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসর শুরু হচ্ছে আগামীকাল। টুর্নামেন্টের অন্যতম ভেন্যু বগুড়ায় আজ অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আলোচনায় উঠে আসে সতীর্থ শেখ মেহেদী হাসানের মায়ের মৃত্যু, ভেন্যুর যাতায়াত সুবিধা এবং লিটন দাসের ওয়ানডে ফর্মের মতো বিষয়গুলো।

আজ রোববার সকালেই খবর আসে জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম মারা গেছেন। সতীর্থের এই কঠিন সময়ে পাশে থাকার কথা জানিয়ে শান্ত বলেন, ‘সকালবেলা নিউজটা পেয়েছি। আমাদের ম্যানেজার যত দ্রুত সম্ভব গাড়ির ব্যবস্থা করে ওকে পাঠানোর ব্যবস্থা করেছেন। অবশ্যই এটা একটা দুঃখজনক খবর। আমরা সব ক্রিকেটার মেহেদীর পাশে আছি।’

বগুড়া থেকে খুলনার দীর্ঘ পথ পাড়ি দেওয়া নিয়ে আক্ষেপ ঝরেছে শান্তর কণ্ঠে। ভেন্যু হিসেবে বগুড়া দারুণ হলেও এখানকার যাতায়াত ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘খুলনা আসলে অনেক দূরের পথ। এয়ারপোর্টটা থাকলে অবশ্যই আরেকটু বেটার হইতো। আশা তো থাকবে যে এয়ারপোর্টটাও এখানে তাড়াতাড়ি চালু হয়ে যাবে।’

ওয়ানডেতে গত ৮ ম্যাচে লিটন দাসের সংগ্রহ মাত্র ১৩ রান। গত বছর চ্যাম্পিয়নস ট্রফি থেকেও বাদ পড়েন তিনি। এরপর দলে ফিরলেও বাদ পড়েন এক ম্যাচ পরই। তবে পাকিস্তান সিরিজের আগে লিটনের এই ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন শান্ত। তিনি বলেন, ‘লিটন যেভাবে টেস্ট এবং টি-টোয়েন্টিতে ব্যাটিং করছে, ও দারুণ শেপে আছে। ওয়ানডে ফরম্যাটে ও নিয়মিত পারফর্মার। অধিনায়ক হিসেবে আমি লিটনকে নিয়ে একদমই চিন্তিত নই। ওর যে অভিজ্ঞতা আর ম্যাচুরিটি আছে, সেটা আমাদের দলের জন্য অনেক বড় সাহায্য হবে।’

নর্থ জোনের অন্যতম তারকা তানজীদ হাসান তামিমের ফিটনেস নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তামিমের কালকের ম্যাচে খেলা প্রসঙ্গে শান্ত জানান, ‘তামিম প্র্যাকটিস করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ফিজিও এবং ট্রেইনার। কাল সকালে আমরা বুঝতে পারব ও খেলছে কিনা।’

এছাড়া নির্বাচক হান্নান সরকারের সাথে তাঁর চমৎকার বোঝাপড়া এবং বিসিএলে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন নর্থ জোন অধিনায়ক। নিজেকে ‘মিস্ট্রি বোলার’ হিসেবে মানতে নারাজ শান্ত মজা করে বলেন, 'শান্ত তো ব্যাটসম্যান।'

এসকেডি/আইএন