জাতীয়

খলিলুরকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন, সম্পর্ক জোরদারে একমত

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

ফোনে আলাপকালে তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন। সেই সঙ্গে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে সামনে রেখে ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসময় সম্প্রতি দায়িত্ব গ্রহণ উপলক্ষে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

আলোচনায় দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া, বাণিজ্যসহ বিভিন্ন খাত এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বাড়াতে সম্মত হন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের জনগণের কল্যাণে একটি অগ্রসর ও ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী।

জেপিআই/একিউএফ