দেশজুড়ে

‘হলদে পাখি’ অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা যশোরের ৩ শিক্ষার্থী

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ‘হলদে পাখি’ অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে যশোর কালেক্টরেট স্কুল।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গাইড হাউজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জনকারী যশোর কালেক্টরেট স্কুল দলের তিন শিক্ষার্থী হলো— জুনাইনা আক্তার, অঙ্কনা পাল ও মিনহা রহমান সুপ্ত। খুলনা অঞ্চলের প্রতিনিধি হিসেবে তারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

বিশ্ব স্কাউট আন্দোলনের প্রবর্তক লর্ড ব্যাডেন পাওয়েল এবং লেডি ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী উপলক্ষে ‘আওয়্যার ফ্রেন্ডশিপ’ স্লোগানে এবারের বিশ্ব চিন্তা দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চল দ্বিতীয় এবং ময়মনসিংহ অঞ্চল তৃতীয় স্থান অধিকার করে।

বাংলাদেশ গার্ল গাইডসের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ গাইড ও রেঞ্জার সম্মাননা এবং কিক বক্সিং বিজয়ীদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও বক্তব্য দেন রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ এবং ১৭তম জাতীয় রেঞ্জার চেয়ারম্যান রুপা আক্তার।

পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ‘জন্ম আমার ধন্য হলো’ গানের সাথে নাচ, কবিতা আবৃত্তি এবং হামদ পরিবেশন করেন গাইড সদস্যরা। এছাড়া তিন শাখার সদস্যদের অংশগ্রহণে প্রতিজ্ঞা নবায়ন অনুষ্ঠান সম্পন্ন হয়।

মিলন রহমান/কেএইচকে