অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। তবে এ ফল প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত দিনক্ষণ ঠিক করতে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো।
রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।
তিনি বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করতে একাধিক বৈঠক হয়েছে। এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা যায়নি। বিষয়টি চূড়ান্ত হলে তা জানানো হবে।
জানা যায়, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়। সে হিসাবে প্রায় দেড় মাস পর ফল পেতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা।
এএএইচ/এমআরএম