মালদ্বীপের ফেইধু দ্বীপে কর্মরত এক শ্রীলঙ্কান প্রবাসী আনুষ্ঠানিকভাবে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রেখেছেন ‘আবদুল্লাহ আদম’।
জানা গেছে, ফেইধুর একটি সেলুনে কর্মরত জয়সিংহ আরাচ্চিগে ওয়ারুনা প্রভাথ সাদারুয়ান চলতি সপ্তাহে স্থানীয় একটি মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে ইসলামের কালেমা পাঠ করেন। কালিমা পাঠের মাধ্যমে তিনি ইসলামের একত্ববাদ এবং মহান আল্লাহ ও তার রাসূল (সা.)-এর প্রতি বিশ্বাস ঘোষণা করেন। এরপর উপস্থিত মুসল্লিরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন স্থানীয় মুসল্লির সহায়তায় তিনি ধীরে ধীরে কালেমার শব্দগুলো উচ্চারণ করেন এবং আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসী ও পর্যটকদের মধ্যে ইসলাম গ্রহণের ঘটনা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তায় অনুপ্রাণিত হয়ে অনেকেই স্বেচ্ছায় এই ধর্ম গ্রহণ করছেন।
ইসলাম গ্রহণের মাধ্যমে আবদুল্লাহ আদম তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন। মুসলিম সম্প্রদায় আশা প্রকাশ করেছে, তিনি ইসলামের সুমহান আদর্শ অনুসরণ করে শান্তি ও কল্যাণের পথে এগিয়ে যাবেন।
এমআরএম/জেআইএম