বর্তমানে পরিবারসহ কাতারে অবস্থান করছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। সেখানে নতুন ব্যবসা শুরু করার পাশাপাশি সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সবকিছু স্বাভাবিকভাবে চললেও হঠাৎ করেই আইনি জটিলতায় পড়েছেন এই অভিনেত্রী।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিঝুম রুবিনা, তার স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পর গত ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন নিঝুম। সেখানে তিনি লেখেন, তার ফেসবুক তালিকায় কোনো অভিজ্ঞ অ্যাডভোকেট থাকলে যেন যোগাযোগ করেন। আইনজীবীর ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকার শর্তও উল্লেখ করেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালের ১ অক্টোবর সাড়ে ১২ লাখ টাকা ধার নেওয়া হয় এবং দুই মাসের মধ্যে তা পরিশোধের লিখিত চুক্তি ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না পাওয়ায় বাদীপক্ষ মামলা দায়ের করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে নিঝুম রুবিনার দাবি, লেনদেনটি তার স্বামীর মাধ্যমে ব্যবসায়িক প্রয়োজনে সুদে নেওয়া হয়েছিল। প্রতি মাসে ৪০ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করা হচ্ছিল বলেও জানান তিনি। গত বছরের অক্টোবরে বিষয়টি জানতে পারেন বলে দাবি করে নিঝুম বলেন, সংশ্লিষ্ট নারী তাদের বাসায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দেন।
নিজের মানহানি হয়েছে উল্লেখ করে নিঝুম রুবিনা জানিয়েছেন, তিনি পাল্টা মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আইনজীবীর সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে এবং শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই অভিনেত্রী।
এমআই/এলআইএ