দেশজুড়ে

নির্বাচনের ১৩ দিন পরও মিরসরাইয়ে ঝুলছে প্রার্থীদের পোস্টার-ব্যানার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পরও বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, ফেস্টুন ও ব্যানার এখনো বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলতে দেখা গেছে। এখনো অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের বিভিন্ন স্থান, বারইয়ারহাট, জোরারগঞ্জসহ একাধিক এলাকায় নির্বাচনি প্রচারণার ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়নি।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নির্বাচন শেষ হলেও এখনো বৈদ্যুতিক খুঁটি, গাছ ও দেয়ালে এসব পোস্টার টাঙানো রয়েছে, যা সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি জনদুর্ভোগও সৃষ্টি করছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি অনুযায়ী, ফলাফল গেজেট প্রকাশের তারিখ থেকে ৭ দিনের মধ্যে প্রার্থীদের নিজ নিজ উদ্যোগে সকল প্রচার সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের তালিকা (অর্থাৎ নির্বাচন কমিশন অফিসিয়াল ফলাফল প্রকাশ) ১৩ ফেব্রুয়ারি রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট হিসেবে প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের ১০ দিন পরও অপসারণ করা হয়নি নির্বাচনি প্রচারণার পোস্টার, ব্যানার, বিলবোর্ড।

নির্বাচন কমিশনের আচরণ বিধি মতে, গেজেট প্রকাশের ৭ দিনের মধ্যে পোস্টার-ব্যানার অপসারণ না করলে শাস্তির বিধান রয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সম্ভাব্য শাস্তি সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

এছাড়া নির্বাচন কমিশন প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রচার সামগ্রী অপসারণের ব্যবস্থা নিতে পারে।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন এ আসনে বিজয়ী হয়েছেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী জানান, আইনে যদি নির্বাচনি প্রচার সামগ্রী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নিয়ম থাকে- আমি আগামীকাল এমপি সাহেবের সঙ্গে কথা বলে দ্রুত উদ্যোগ নিবো।

ওই আসনের পরাজিত প্রার্থী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট ছাইফুর রহমান নির্বাচন পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানান, এখনো তাদের কর্মীরা স্বাভাবিক হতে পারেননি। দ্রুত সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ করা হবে।

মিরসরাই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের পর ৭ দিনের সময়সীমা এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের নিজ দায়িত্বে প্রচার সামগ্রী অপসারণ করার কথা। দ্রুত অপসারণে সংশ্লিষ্টদের আবারও অবহিত করা হবে।

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম