ক্যাম্পাস

জবির ‘ই’ ইউনিটে কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদের (ই ইউনিট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের নোটিশ প্রকাশ করা হয়েছে। আগামী ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভবনের চারুকলা অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন বজলুর রশিদ খানের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ইউনিট-ই  (চারুকলা অনুষদ)-এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করেছে, কোটার সব প্রমাণাদিসহ সাক্ষাৎকারের জন্য নিম্নবর্ণিত স্থানে উপস্থিত হওয়ার জন্য জানানো হলো।

নোটিশে আরও বলা হয়, আগামী ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭ম তলায় চারুকলা অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ২ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান, দলিত ও হরিজন, প্রতিবন্ধী, খেলোয়াড় ও পোষ্য,  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎ গ্রহণ করা হবে।

সাক্ষাৎকারের সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবেভর্তি পরীক্ষায় কক্ষ প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ।

এদিকে মুক্তিযোদ্ধার কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- লাল মুক্তিবার্তা/সরকারি গেজেটের ফটোকপি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র।

উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি/ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মূল সনদপত্র, গোষ্ঠী প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ।

দলিত ও হরিজন আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- জেলা প্রশাসক/উপজেলা চেয়ারম্যান/ কমিশনার/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র।

প্রতিবন্ধী কোটা আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/উপর্যুক্ত প্রমাণপত্র।

খেলোয়াড় (বিকেএসপি) কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- বিকেএসপি কর্তৃক প্রদত্ত এসএসসি অথবা এইচএসসি-এর মূল সনদপত্র।

পোষ্য (ওয়ার্ড) কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

এছাড়াও সঙ্গে আনতে হবে প্রিন্ট করা সাবজেক্ট চয়েজ ফরম, মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্র এবং কোটার স্বপক্ষে প্রমাণপত্রের মূল কপি এবং ফটোকপি ১ সেট। অবশ্যই পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

টিএইচকিউ/এমআইএইচএস