মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের (৩৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেউটখালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহতের সহকর্মী সাদ্দাম হোসেন জানান, সকালে উপজেলার একটি খালখনন কর্মসূচির সাইড পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন। এ সময় কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনটি পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর রেললাইনের পাশে ছিটকে পড়েন।
শ্রীনগর ফায়ায় সার্ভিসের সদস্যরা অচেতন অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, নিহত জিয়াউর দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। সে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
শুভ ঘোষ/এএইচ/জেআইএম