রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনায় পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
ডিসি মাসুদ বলেন, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আরও দুই-তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করে উৎসুক কয়েকজন পুলিশ সদস্য। সেসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।
এরপর আজ দুপুরে ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
টিটি/এমএএইচ/