ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তাকে কামড়ে পালানোর চেষ্টা করেছেন এক ইয়াবা কারবারি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেঁচরী ইউনিয়ন থেকে সুজন হাওলাদার (৩০) নামের ওই যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আট পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটক সুজন হাওলাদার উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের সোবাহান হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রতন চন্দ্র হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ চেঁচরী এলাকায় অভিযানে যায়। এসময় সোহরাব মাস্টারের বাড়ির সামনের রাস্তায় সুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছে ইয়াবা পাওয়া গেলে তিনি পালানোর চেষ্টা করেন।
একপর্যায়ে সুজন এসআই রতনের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা চালান। এতে ওই পুলিশ কর্মকর্তা রক্তাক্ত জখম হন। তবে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তাকে ঘটনাস্থলেই নিয়ন্ত্রণে আনা হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক সুজনের কাছ থেকে আট পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মো. আমিন হোসেন/এসআর/জেআইএম