জাতীয়

নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ

দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে দেশের মহানগরীগুলো নানান সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

তিনি বলেছেন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, মশাসহ নগরীর বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আজ থেকে শুরু করে আগামী কয়েক মাসের মধ্যে এসব সমস্যার সমাধান করে জনগণের ন্যায্য অধিকার তাদের কাছেই অর্পণ করবো।

দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, একজন প্রশাসক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকলে সরকার যথাযথ পদক্ষেপ নেবে।

ভবিষ্যতে যেন কোনো অনিয়ম বা দুর্নীতি না হয় সে লক্ষ্যে কঠোরভাবে কাজ করার কথাও জানান তিনি।

রাজধানীর মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন সর্বাত্মক চেষ্টা করবে। তবে এ দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। নাগরিকরা সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়।

জনগণ ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

কেএইচ/এমকেআর