জাতীয়

কোনো জ্যোতিষ-গোয়েন্দা সংস্থাও ভাবেনি বিএনপি এত সিট পাবে: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, পৃথিবীর কোনো জ্যোতিষ বা গোয়েন্দা সংস্থাও ভাবেনি যে বিএনপি এত সিট পাবে। আমরা নিজেরাও সরকার গঠন করবো, এটা চিন্তা করিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, আমি সোজা কথা বুঝি, আল্লাহ এমন কিছু দান করেন, যা মানুষ আগে থেকে কল্পনাও করতে পারে না। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য সরকার কাজ করে যাবে ও আল্লাহর বান্দাদের খেদমতে আমি নিজেকে নিয়োজিত রাখবো।

আল্লাহ তাকে দায়িত্ব পালনের তৌফিক দিয়েছেন উল্লেখ করে জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ইনশাআল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করে যাব এবং মানুষের সেবা করবো।

সাক্ষাৎকালে আরআরএফ নেতারা ধর্মবিষয়ক বিভিন্ন সমসাময়িক ইস্যু তুলে ধরেন। ধর্মমন্ত্রী সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ধর্ম মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক আকতার হাবিব, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য শামসুল ইসলাম, উবায়দুল্লাহ বাদল, মহসিনুল করিম, আহমেদ জামাল, কামরুজ্জামান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।  

এমএন