জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না। কারণ পিলখানা গণহত্যার পেছনে ভারত এবং আওয়ামী নীলনকশা দায়ী।’
রাশেদ প্রধান আরও বলেন, ‘জাগপা ২০০৯ সাল থেকে দাবি করে আসছে পিলখানা গণহত্যা ভারত ও আওয়ামী লীগের নীলনকশা। অবশেষে অন্তর্বর্তী সরকারের রিপোর্টের মাধ্যমে তাই প্রমাণ হয়েছে। অন্তর্বর্তী সরকার রিপোর্ট দিলেও বিচারকার্য শুরু করতে পারেনি। বিএনপিও পারবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও সব গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। মজলুম জনগণের সরকার গঠন করতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাগপা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী এবং যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম।
আরএএস/এমআইএইচএস