আসন্ন ঈদে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ প্রতিরোধ করতে দেশের বড় বড় রেলওয়ে স্টেশনগুলোতে যাত্রী প্রবেশের ক্ষেত্রে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
সেখানে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে।
গত ২২ ফেব্রুয়ারি রেলভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা নিয়ে এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী- ঈদযাত্রার সময় চলন্ত ট্রেন, স্টেশন বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এছাড়া বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।
এছাড়া টিকিট বিক্রির জন্য ফেসবুক থেকে কোনো লিংক পাওয়া গেলে জিআরপি ও আরএনবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠানোর জন্য আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এনএস/এমকেআর