দেশজুড়ে

গাজীপুরে ৬ মাসের মধ্যে জয়দেবপুরে ফ্লাইওভার, তুরাগে সেতুর ভিত্তিপ্রস্তর

১৮০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এরমধ্যে আগামী ছয় মাসের মধ্যে গাজীপুরের প্রধান সমস্যা জয়দেবপুর রেলগেটের ওপর দিয়ে একটি ফ্লাইওভার নির্মাণ এবং কাশিমপুরে তুরাগ নদীর ওপর দুটি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টিও রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এসময়ের মধ্যে গাজীপুর সিটিকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গাজীপুর সিটিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নতুন প্রশাসক।

শওকত হোসেন বলেন, গাজীপুর সিটির ১৯টি খাল খনন করার উদ্যোগ নেওয়া হবে, যাতে আগামী বর্ষা মৌসুমটি আমরা ভালোভাবে পার করতে পারি।

গাজীপুরকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে প্রশাসক বলেন, সিটি করপোরেশনের বৈদুতিক খুঁটিতে কোনো ধরনের ঝুলন্ত তার থাকবে না। ভূগর্ভস্থ লাইনের মধ্যেমে এসব তার সঞ্চালন করা হবে।

তিনি বলেন, সিটি করপোরেশনে ঘুস ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। নগরবারসীকে দ্রুততম নাগরিক সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ওয়ারিশ সার্টিফিকেট, জন্মনিবন্ধন সনদ যেন দ্রুত সেবা পেতে পারে, তার ব্যবস্থা করা হবে।

নগরবাসীর জন্য সিটি করপোরেশনের একটি অ্যাপ রয়েছে। ওই অ্যাপের মাধ্যমে নগরবারসী তাদের সমস্যার কথা জানাতে পারবেন। তার মাধ্যমে দ্রুততম সময়ে সেবা দেওয়া হবে বলেও জানান শওকত হোসেন।

তিনি আরও বলেন, নগরীর ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে। শিশুদের জন্য শিশু পার্কের ব্যবস্থা করা হবে।

এর আগে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানকে নিয়ে সিটি করপোরেশন চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক।

এসময় তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসময়ের মধ্যে নগরবাসী দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন বলে আশা করি।

মতবিময়কালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান ও মহানগর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম