রোজার মাসে জনভোগান্তি কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, কোনো সিন্ডিকেট বা কৃত্রিম সংকটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে মেয়র এ আহ্বান জানান।
নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি চাল, ডাল, চিনি, তেল, ছোলা ও খেজুরসহ রমজানকেন্দ্রিক পণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতির খোঁজ নেন। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেন মেয়র।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র শাহাদাত বলেন, রোজার মাসে মানুষের ভোগান্তি কমাতে ব্যবসায়ীদের পণ্যের দাম না বাড়ানোর অনুরোধ জানিয়েছি। কিছু অসঙ্গতি চোখে পড়েছে। সতর্কতার পরও কেউ সংশোধন না হলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না। যারা কৃত্রিমভাবে দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুসলিম বিশ্বের অনেক দেশে রমজানে ব্যবসায়ীরা ভর্তুকি দিয়ে বা বিনামূল্যে পণ্য দেন। এখানেও ব্যবসায়ীরা রোজাদারদের সুবিধার্থে মানবিক ভূমিকা রাখতে পারেন।
মেয়র সতর্ক করে বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। ফুটপাত দখল করে ব্যবসা করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করাও আইন লঙ্ঘনের শামিল।
বাজার তদারকির বিষয়ে চসিক মেয়র বলেন, কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট ও পাহাড়তলি বাজারসহ বড় বাজারগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারের দামের পার্থক্য যেন সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।
পরিদর্শনকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, সংশ্লিষ্ট কর্মকর্তা, বাজার সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। রমজানজুড়ে বাজারে শৃঙ্খলা ও মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
এমআরএএইচ/এমএমকে