দেশজুড়ে

আগুনে পুড়ে মারা গেলো কৃষকের সাত গরু

মাদারীপুরের শিবচরে একটি খামারে আগুন লেগে কৃষকের সাতটি গরু আগুনে পুড়ে মারা গেছে। একইসঙ্গে একটি ছাগল ও ২০টি হাঁসও পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবচর পৌরসভার শিবরায়েরকান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গবাদি পশুর খামারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, হঠাৎ খামারে আগুন জ্বলতে দেখে শিবচর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭টি গরু, ১টি ছাগল ও ২০টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ওবায়দুল মোল্লা বলেন, খামারে থাকা গবাদি পশুর আয় দিয়েই সংসার চলতো। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারিভাবে সহযোগিতা না করা হলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। আগুনে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এমএস