মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের নাসির হাওলাদারের সাথে একই এলাকার আইয়ুব আলী মাতুব্বরের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।
এর জেরে সকালে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুপুরে নাসির হাওলাদারের স্ত্রী ও মেয়ে দুজনে মিলে সুমাইয়াকে মারধর করেন। এর সূত্র ধরে রাতে নাসির হাওলাদার ও আইয়ুব আলী মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হয়েছে।
আহতরা হলেন- নাসির হাওলাদার (৩৫), তার স্ত্রী রুনি বেগম (২৮), আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়া (২০) প্রমুখ। আহতরা মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র্যাব ও পুলিশ। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ও র্যাবের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এমএস