বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার (৭৩) জানাজা সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানায়, বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নিহতের স্বামী নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতারা।
জানাজা পড়ান সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের চাচাতো ভাই বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির মহিউদ্দিন রাব্বানী। এতে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।
এদিকে কানিজ ফাতেমার মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।
ইকবাল হোসেন মজনু/এমএন/এএসএম