দেশজুড়ে

ঝিনাইদহে নিখোঁজের এক দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রাম থেকে তাবাসসুম (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।

বর্তমানে তার পরিবার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।‎‎স্থানীয়রা জানায়, তাবাসসুমের বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত। বুধবার দুপুর ২টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাদুরগাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফরের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।‎‎এম শাহাজান/এনএইচআর/এএসএম