সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার সরকারি আবাসন পরিদপ্তর নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ দেওয়ার কাজ সম্পন্ন করেছে। এখন আনুষ্ঠানিকভাবে তাদের চিঠি দেওয়া হবে।
মন্ত্রিপাড়ায় নতুন বরাদ্দঢাকার হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকা ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেখানে অবস্থান করছিলেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি শপথের মাধ্যমে সরকার গঠন করে দলটি।
দায়িত্ব হস্তান্তরের পর মন্ত্রিপাড়ার বাংলোবাড়ি ছাড়তে শুরু করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, অধিকাংশ উপদেষ্টা এরই মধ্যে বাসা ছেড়েছেন; বাকি দুজনও শিগগির ছাড়বেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগে থেকেই মিন্টো রোডের ৩৩ নম্বর বাংলোবাড়িতে থাকছেন। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী (টেকনোক্র্যাট) হয়েছেন তিনি। আবাসন পরিদপ্তর জানিয়েছে, ড. খলিল ওই বাসায়ই থেকে যাচ্ছেন।
সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দের কাজ শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে। কিছু সংস্কারকাজ শেষে ঈদুল ফিতরের পর তারা বাসায় উঠতে পারবেন।
কে কোথায় বরাদ্দ পেলেনসরকারি আবাসন পরিদপ্তর সূত্র জানায়, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২৪ বেইলি রোড, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) ৫ হেয়ার রোড, সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে ২৫ বেইলি রোড, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে ৭ মিন্টো রোড, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ২ মিন্টো রোড, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ৫ মিন্টো রোড, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে ১ হেয়ার রোড, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ৬ হেয়ার রোডের বাংলোবাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে ১ মিন্টো রোড, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে ৪ মিন্টো রোড, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে ৩৪ মিন্টো রোড, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামকে ৪১ মিন্টো রোড, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ২ হেয়ার রোডে বাংলোবাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে বেইলি রোডে বাংলোবাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গুলশান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে ধানমন্ডিতে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, প্রতিমন্ত্রীদের হেয়ার রোডে অবস্থিত মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। হেয়ার রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামে তিনটি ১০ তলা ভবন রয়েছে। প্রতিটি ভবনে ১০টি করে ৩০টি ফ্ল্যাট রয়েছে।
সরকারি সূত্র বলছে, সংস্কারকাজ শেষ হলেই নতুন সরকার পুরোপুরি মন্ত্রিপাড়ায় কার্যক্রম শুরু করবে।
গৃহায়ন ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, সদ্যবিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এখনো যমুনায় থাকছেন। আগামীকাল ২৭ ফেব্রুয়ারি তিনি যমুনা ছাড়বেন।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গুলশানে নিজ বাসায় থাকছেন। শুরুতে নতুন প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকায় বাসভবন দেখা হলেও যাতায়াত সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
কেএইচ/এমকেআর