দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় তিনটি পৃথক মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কারের এ সিদ্ধান্তে অনুমোদন দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) ও সদস্যসচিব ইয়াসিন আরাফাত।
বহিষ্কৃত ওই নেতার নাম মামুন মিয়া। তিনি রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারি ধরতে গিয়ে মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ছয় সদস্য হামলার শিকার হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত অভিযানে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি গরু, ভারতীয় মদ, ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (পূর্ব) কলমাকান্দা থানায় তিনটি মামলা দায়ের করে। মামলাগুলোতে ৩৫ জনের নামোল্লেখ করে আসামি এবং আরও ৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তিনটি মামলাতে মামুন মিয়াকে দুই নম্বর আসামি করা হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/জেআইএম