দেশজুড়ে

অনলাইন পোর্টাল-আইপি টিভিকে নীতিমালার আওতায় আনা হবে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অনলাইন নিউজ পোর্টাল এবং আইপি টিভিগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে। যারা কেবল একটি মোবাইল ফোন ব্যবহার করে পোর্টাল চালাচ্ছেন, তাদের সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, গণতন্ত্রের বিকাশে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। তবে গত ১৭ বছর এই মন্ত্রণালয় যেভাবে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে দুর্নীতি ও অনিয়মের মধ্য দিয়ে চলেছে, এখন আর তেমনটি হবে না। সবকিছু চলবে নিয়মের ওপর ভিত্তি করে।

নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সম্মিলিত সাংবাদিক সমাজ ও গফরগাঁও প্রেসক্লাবের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিশেষ প্রশিক্ষণ এবং কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর নান্দাইলে এটি প্রতিমন্ত্রীর প্রথম সরকারি সফর। দুপুরে নান্দাইল পৌঁছালে জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন এবং নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/জেআইএম