খেলাধুলা

৫৫ বছর বয়সেই না ফেরার দেশে রিঙ্কু সিংয়ের জীবনসংগ্রামী বাবা

ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা খাঁচান্দ সিং আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর (পরিবার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী)। খবর দ্য হিন্দুর।

গ্রেটার নয়ডার ইয়াথরাত হাসপাতারের মুখপাত্র ডা. সুনীল কুমার জানান, খাঁচান্দ সিং লিভার ক্যানসারে ভুগছিলেন। গত ২১ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। শেষ কয়েক দিন তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন এবং শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রিঙ্কু টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে বাড়িতে ফিরে আসেন। যদিও ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি আবার ভারতীয় দলে যোগ দেন। এর আগে তিনি বাবার সঙ্গে দেখা করতে নয়ডায় গিয়েছিলেন।

রিঙ্কুর সাবেক কোচ মাসুদ আমিনি আলিগড়ে পিটিআই ভিডিওসকে জানান, খাঁচান্দ সিং জটিল লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং রোগের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। গত তিন থেকে চার দিন তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।

আমিনি আরও বলেন, ‘তিনি (রিঙ্কুর বাবা) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। শুরুতে তিনি গ্যাস সিলিন্ডার সরবরাহের কাজ করতেন এবং কঠোর পরিশ্রম করে সন্তানদের বড় করে তুলেছেন।’

উত্তরপ্রদেশের আলিগড় জেলার বাসিন্দা ২৮ বছর বয়সী রিঙ্কু সিং তার সাফল্যের বড় কৃতিত্ব বাবাকেই দেন। আর্থিক কষ্ট সত্ত্বেও খাঁচান্দ সিং ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন করেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, খাঁচান্দ সিংয়ের শেষকৃত্য আলিগড়েই সম্পন্ন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন রিঙ্কু সিং।

এমএমআর