ময়মনসিংহের বাজারে কমেছে সবজির দাম। একই সঙ্গে কমেছে মুরগির দামও। এতে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা কঠোরভাবে নিয়মিত বাজার মনিটরিং করলে দাম আরও কমবে বলে মনে করছেন ক্রেতারা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে শহরের ঐতিহ্যবাহী মেছুয়া বাজারে গিয়ে সবজি ও মুরগির দাম কমার এ তথ্য জানা গেছে।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে সবচেয়ে কমেছে কাঁচামরিচ ও সজনের দাম। গত সপ্তাহে কাঁচামরিচ ১৪০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ৯০ টাকা এবং সজনে ২৫০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে শসা, বেগুন, টমেটো ও গাজরের দাম। শসা ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা, বেগুন ৮০ টাকা থেকে কমে ৬০ টাকা, টমেটো ৪০ টাকা থেকে কমে ২০ টাকা এবং গাজর ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া লেবু ৮০ টাকা থেকে কমে ৭০ টাকা, শিম ৪০ টাকা থেকে কমে ৩০ টাকা এবং বরবটি ৬০ টাকা থেকে কমে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। স্থিতিশীল অবস্থায় ক্যাপসিকাম ৪০০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা কেজিতে, চালকুমড়া ৬০ টাকা পিস, ফুলকপি ৪০ টাকা পিস, কাঁচকলা ৩০ টাকা হালি এবং ধনেপাতা ২০ টাকা আঁটিতে বিক্রি হচ্ছে।
বাজারে কমেছে মুরগির দাম। বর্তমানে ব্রয়লার ১৮০ টাকা থেকে কমে ১৭০ টাকা এবং সোনালী কক ৩০০ টাকা থেকে কমে ২৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। স্থিতিশীল অবস্থায় সাদা কক ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম ৬০ টাকা হালি, ফার্মের মুরগির ডিম ৩৫ টাকা হালি, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এছাড়া বাজারে মৃগেল ২৮০-৩৫০ টাকা, পাঙাশ ১৭০-২০০ টাকা, পাবদা ৪৩০-৫৫০ টাকা, ট্যাংরা ৫১০-৭৮০ টাকা, রুই ৩২০-৪২০ টাকা, কালবাউশ ৩০০-৩৭০ টাকা, কাতলা ৩৪০-৪৪০ টাকা, শিং ৩৫০-৬৫০ টাকা, সিলভার কার্প ২১০-২৮০ টাকা, শোল ৫৪০-৬০০ টাকা, তেলাপিয়া ২০০-২৮০ টাকা, টাকি ৪১০-৫৪০ টাকা এবং কৈ ২৫০-৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সবজি কেনার সময় কথা হয় মহিউদ্দিন নামের একজন ক্রেতার সঙ্গে। তিনি বলেন, বেশিরভাগ সবজির দাম কমেছে। এজন্য প্রয়োজনীয় বিভিন্ন সবজি কিনে ব্যাগভর্তি করেছি। নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা স্বস্তিতে সবজি কিনতে পারছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা কঠোরভাবে নিয়মিত বাজার মনিটরিং করলে দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মুরগি কিনছিলেন আজহার আলী। তিনি বলেন, চার কেজি ব্রয়লার ও সোনালী কক মুরগি কিনেছি। প্রতি কেজিতে ১০ টাকা কমে কিনতে পেরেছি। দাম আরও কমলে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা স্বস্তিতে কিনতে পারবেন।
এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, আমি নিজে মেছুয়া বাজার পরিদর্শন করেছি। অহেতুক দাম না বাড়াতে ব্যবসায়ীদের বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বাজার মনিটরিং করছেন। অযৌক্তিকভাবে কোনো বিক্রেতা দাম বাড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম