আফগান তালেবানের পক্ষে পাকিস্তানের সঙ্গে প্রচলিত (কনভেনশনাল) যুদ্ধে জড়ানো সম্ভাবনা কম। বিশ্লেষকরা বিবিসি উর্দুকে এমন তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনী পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে বিশ্বে শীর্ষ ১৫ দেশের মধ্যে নিয়মিত স্থান পেয়ে থাকে।
অন্যদিকে আফগানিস্তানের তালেবান বাহিনীর সামরিক সক্ষমতা তুলনামূলকভাবে সীমিত। তারা অর্থনৈতিক চ্যালেঞ্জেরও মুখোমুখি।
বিশ্লেষকদের মতে, তালেবান বাহিনীর হাতে থাকা অস্ত্রের বড় অংশ এসেছে তিনটি উৎস থেকে—সাবেক আফগান জাতীয় সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, দেশত্যাগী বিদেশি বাহিনীর রেখে যাওয়া সরঞ্জাম, কালোবাজারসহ বিভিন্ন উৎস থেকে সংগৃহীত নতুন অস্ত্র।
বিশেষজ্ঞরা বলছেন, অতীতের সীমান্ত সংঘর্ষের ভিডিওতে দেখা গেছে তালেবান বাহিনী মূলত হালকা অস্ত্র ব্যবহার করেছে।
তবে তারা গেরিলা যুদ্ধকৌশলে অত্যন্ত অভিজ্ঞ। এক আফগান নিরাপত্তা বিশেষজ্ঞ জানান, পাকিস্তানি বাহিনীর সঙ্গে তালেবানের অনেক সংঘর্ষেই গেরিলা কৌশল ব্যবহার করে।
বিশ্লেষকদের ধারণা, সামরিক সক্ষমতার বৈষম্যের কারণে পূর্ণমাত্রার প্রচলিত যুদ্ধের বদলে সীমান্তে ছিটেফোঁটা সংঘর্ষ ও গেরিলা কৌশলই বেশি দেখা যেতে পারে।
সূত্র: বিবিসি
এমএসএম