খেলাধুলা

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসের প্রাথমিক দল গঠন

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ সামনে রেখে দল গঠনের জন্য বাছাই প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী সেই বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে শুক্রবার। অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৫ বিভাগের বালক ও বালিকা মিলিয়ে ৩২ জন অংশ নিয়েছিলেন বাছাইয়ে। সেখান থেকে ১৬ জন নিয়ে প্রাথমিক দল গঠন করেছে ফেডারেশন।

বাছাইয়ে অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে সেরা নির্বাচিত হয়েছে মো. নাফিজ ইকবাল এবং একই বিভাগে সেরা বালিকা খেলোয়াড় হয়েছেন খই খই সাই মারমা। অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মো. শাহীন আহম্মেদ এবং বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা সেরা হয়েছেন। চারজনই বিকেএসপির শিক্ষার্থী। বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার ১ জন খেলোয়াড় মনোনীত হয়েছেন। প্রথম ও দ্বিতীয় বাছাইয়ে খই খই সাই মারমা এবং জান্নাত ইসলাম রোজা ১২ খেলার সবগুলোতে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের নির্বাচিত বাকি সবাই বিকেএসপির। তারা হলন-আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব এবং মো. মনিরুল ইসলাম। অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগের বাকি নির্বাচিত খেলোয়াড় হলেন-বিকেএসপির রেশমী তঞ্চংগ্যা, বাংলাদেশ সেনাবাহিনীর ঐশী রহমান ও বিকেএসপির নুসরাত জাহান অনন্যা।

অনূর্ধ্ব-১৫ বালক বিভাগের বাকি নির্বাচিত খেলোয়াড়গন হলেন- বিকেএসপির মো. মৃদুল রহমান, তাহমিদুল ইসলাম পরশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মো. রাব্বী ইসলাম । অনূর্ধ্ব-১৫ বালিকা বিভাগের বাকি নির্বাচিত খেলোয়াড়গন হলেন- বিকেএসপির রাফিয়া চৌধুরী, রংপুর জেলার জান্নাতুল রোজা এবং বিকেএসপির সাবিয়া আক্তার পাপিয়া।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেছেন, ‘সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের ফিকশ্চার ঘোষণা না হলেও আমরা দলের অগ্রমিক প্রস্তুতির জন্য খেলোয়াড় বাছাই করে রাখলাম। বিকেএসপির পাশাপাশি স্থানীয়ভাবে প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে আমাদের।’

আরআই/আইএন