দেশজুড়ে

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুরের সালথায় সরকারি জমি লিজ ও দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে একই গ্রামের মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সরকারি জমি লিজ ও দখল দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত দুইদিন ধরে উত্তেজনা চলছিল। খবর পেয়ে পুলিশ উভয় গ্রুপের লোকজনকে শান্ত করে।

তবে শুক্রবার রাতে একই বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে রোকন মোল্যা ও সঞ্জয় মালোর সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম