খেলাধুলা

বিশ্বকাপ আয়োজন করতে পারবে মেক্সিকো? খতিয়ে দেখতে যাচ্ছে ফিফা

মেক্সিকোতে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে ২০২৬ বিশ্বকাপের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা পর্যালোচনা করতে শিগগিরই দেশটি সফর করবে ফিফার একটি প্রতিনিধি দল। শুক্রবার এ তথ্য জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।

গত রোববার সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস (এল মেনচো) নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই অভিযান ও পরবর্তী সংঘর্ষে অন্তত ৭০ জন মানুষ নিহত হন। বিভিন্ন অঙ্গরাজ্যে কার্টেল সদস্যরা গাড়িতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে। বিশেষ করে জালিস্কো অঙ্গরাজ্যের শহরগুলোতে পরিস্থিতি ছিল উত্তপ্ত- এর মধ্যে গুয়াদালাহারা রয়েছে, যেখানে চারটি বিশ্বকাপ ম্যাচ আয়োজনের কথা।

এই পরিস্থিতিতে মেক্সিকোর যৌথ আয়োজক হিসেবে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বৃহস্পতিবার ফোনালাপে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো প্রেসিডেন্ট শেইনবাউমকে জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজক হিসেবে মেক্সিকোর ওপর তাদের ‘পূর্ণ আস্থা’ রয়েছে।

শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে শেইনবাউম বলেন, ‘তিনি (ইনফান্তিনো) আমাকে আশ্বস্ত করেছেন যে বিশ্বকাপ আমাদের দেশেই অনুষ্ঠিত হবে। আমরা একমত হয়েছি, ফিফার একটি দল এসে বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে। আমরা দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছি, তবে নিরাপত্তা বিষয়টি অবশ্যই বিশেষ গুরুত্বের।’ তবে ফিফা প্রতিনিধিদলের সফরের নির্দিষ্ট তারিখ তিনি জানাননি।

শেইনবাউম বলেন, রোববারের ঘটনা ছিল ‘বিশেষ পরিস্থিতি’ এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরছে, ‘আমি তাকে বলেছি যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি এবং দীর্ঘদিন ধরে যে নিরাপত্তা ব্যবস্থা চালু আছে তা বহাল রয়েছে। তারা নিশ্চিন্ত থাকতে পারেন,’ বলেন তিনি।

তবে গুয়াদালাহারায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। বিশ্ব অ্যাকোয়াটিকস আগামী সপ্তাহে গুয়াদালাহারার কাছে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ডাইভিং বিশ্বকাপ বাতিল করেছে।

প্রেসিডেন্ট জানান, ‘সরকারি ক্রীড়া সংস্থা সিওএনডিই (CONADE) চেষ্টা করছে বিশ্ব অ্যাকোয়াটিকসকে টুর্নামেন্টটি মেক্সিকোর অন্য কোনো শহরে সরিয়ে নিতে রাজি করাতে। ‘আমরা তাদের সঙ্গে কাজ করছি যাতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা ফিরিয়ে আনা যায়। এখনো আমাদের আশা আছে,’ বলেন শেইনবাউম।

নিরাপত্তার পাশাপাশি যাতায়াত ব্যবস্থাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ ১১ জুন এস্টাডিও আজটেকায় অনুষ্ঠিত হওয়ার কথা- সেখানে এখনো প্রায় ১০০ দিন বাকি।

মেক্সিকো সিটিতে আজটেকা স্টেডিয়ামের দিকে যাতায়াত সহজ করতে লাইট রেল লাইনের উন্নয়ন কাজ চলছে। মনতেরেতে সাবওয়ে নির্মাণ এখনো শেষ হয়নি। গুয়াদালাহারার স্টেডিয়ামে বড় পার্কিং এলাকা থাকলেও পর্যাপ্ত গণপরিবহন সুবিধা নেই।

শেইনবাউম বলেন, ‘তিনি (ইনফান্তিনো) আমাকে তিনটি আয়োজক শহরে যানজট ও চলাচলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছেন, যাতে স্টেডিয়ামে আসা দর্শকদের চলাচল নির্বিঘ্ন হয়। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।’

সব মিলিয়ে, সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও মেক্সিকো সরকার বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী। তবে ফিফা প্রতিনিধিদলের আসন্ন সফরই নির্ধারণ করবে নিরাপত্তা ও অবকাঠামো প্রস্তুতি কতটা সন্তোষজনক।

আইএইচএস/