মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ চালিয়েছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় তিনি এটি নিশ্চিত করেছেন।
ট্রাম্প বলেন, আমরা বারবার একটি চুক্তি চেয়েছি। আমরা চেষ্টা করেছি। তিনি বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে।
অথচ একদিন আগেও ট্রাম্প বলেছিলেন যে, ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেননি। শুক্রবার তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
তবে তিনি উল্লেখ করেছেন যে, পারমাণিবক আলোচনায় ইরানের অবস্থানের বিষয়ে তিনি সন্তুষ্ট নন। ট্রাম্প বলেন, আমাদের যা প্রয়োজন ইরান তা দিতে রাজি নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না।
চলতি সপ্তাহের শুরুতে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই জানায় যে, একটি সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বাড়াচ্ছিল যেন তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তিতে রাজি হয়। ট্রাম্প বারবার বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ‘দ্রুত এবং শক্তি প্রয়োগের মাধ্যমে’ পদক্ষেপ নিতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নিতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছিলেন, যুদ্ধ হলে সবকিছুরই ঝুঁকি থাকে। তিনি আরও বলেন, যখন যুদ্ধ হয়, তখন যেকোনো কিছুরই ঝুঁকি থাকে- ভালোও, খারাপও।
টিটিএন