খেলাধুলা

রোনালদোর যে রেকর্ড আটকে দিতে চান ইভান টোনি

সৌদি প্রো লিগে এবার শিরোপা লড়াই যেমন জমে উঠেছে, তেমনি উত্তেজনা ছড়িয়েছে সর্বোচ্চ গোলদাতার প্রতিযোগিতায়ও। আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টোনি একদিকে দলকে শিরোপা জেতাতে চান, অন্যদিকে চোখ রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে।

গত দুই মৌসুম ধরে সৌদি গোল্ডেন বুট জিতেছেন রোনালদো। টানা তৃতীয়বার জিততে পারলে ইউরোপিয়ান কোনো খেলোয়াড় হিসেবে এটি হবে লিগের ইতিহাসে রেকর্ড; কিন্তু সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন সাবেক ব্রেন্টফোর্ড ও ইংল্যান্ড জাতীয় দলের ফরোয়ার্ড টোনি।

চলতি মৌসুমে ২৩ ম্যাচে ২৩ গোল করে গোলদাতার তালিকার শীর্ষে আছেন টোনি। তার পেছনে ২২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন হুলিয়ান কুইনোন্স। আর ২১ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন আল নাসরের তারকা রোনালদো।

টোনি বলেন, ‘প্রতিবার মাঠে নামলে মনে হয় আমি গোল করব। এই আত্মবিশ্বাসটা এখন আমার আছে। দলে এমন একজন স্ট্রাইকার থাকা ভালো, যে মনে করে সে গোল করতে পারবে এবং বাস্তবেও করতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘লিগ টেবিলে আমরা যে অবস্থানে আছি, তাতে এই গোলগুলো দলকে সাহায্য করছে। এটা ভালো অনুভূতি।’

সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ের পাশাপাশি শিরোপা দৌড়েও মুখোমুখি টোনি ও রোনালদো। আল আহলি লিগ টেবিলের শীর্ষে, আর তাদের ঠিক এক পয়েন্ট পিছনে রয়েছে আল নাসর।

টোনি বলেন, ‘মৌসুমের এতটা পথ পেরিয়ে যখন গোলদাতার তালিকার শীর্ষে থাকি, তখন মনে হয়- ঠিক আছে, এখানেই থাকতে হবে। গোল ম্যাচ জেতায়, আর আমি সেটাই করার চেষ্টা করছি- দলের জন্য গোল করা এবং লিগে সাহায্য করা।’

তার মতে, যত বেশি গোল করবেন, তত বেশি ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়বে, যা শেষ পর্যন্ত শিরোপা জয়ের পথও সহজ করবে।

সব মিলিয়ে, সৌদি প্রো লিগে এখন দ্বিমুখী উত্তেজনা- রোনালদোর সম্ভাব্য ইতিহাস গড়া নাকি টোনির নতুন রাজত্ব? মৌসুমের শেষ পর্যন্ত এই লড়াই জমজমাটই থাকার আভাস দিচ্ছে।

আইএইচএস/